ছাতকে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন-সাহেবের (ডিও লেটার) প্রস্তাবের প্রেক্ষিতে সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী বাজার সংলগ্ন “সোনাই নদী শুল্ক স্টেশন”এলাকা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করেন ও শুল্ক স্টেশন স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর আশা, ছনবাড়ী বাজার সংলগ্ন সোনাই নদী নতুন এই শুল্ক স্টেশন বা স্থলবন্দর চালু হলে সরকারের রাজস্ব আয়ে বড় রকম ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি ছাতক তথা পুরো অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এলাকাবাসী ও ব্যবসায়ী মহল দ্রুততম সময়ের মধ্যে এই শুল্ক স্টেশনটির কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন।







