সুন্দরপুর বাজারে ঝটিকা মিছিল: যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর বাজারে একটি ঝটিকা মিছিল বের করার ঘটনায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-রানীগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং উপজেলার চাঁটপাড়া গ্রামের অমৃত মিয়ার ছেলে মিজানুর রহমান (৩১) এবং চুনারুঘাট পৌর যুবলীগের দপ্তর সম্পাদক ও পৌরসভার বড়াইল গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সেলিম মাহমুদ (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর বাজারে যুবলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে সক্রিয়ভাবে অংশ নেন মিজানুর রহমান। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে এবং জড়িতদের শনাক্তে তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় বুধবার রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে পৌর শহর ও এর আশপাশ থেকে সেলিম মাহমুদ ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সুন্দরপুর বাজারে অনুষ্ঠিত মিছিলে মিজানুর রহমান সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নাশকতার পরিকল্পনা কারী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।







