সিলেটে সেনাবাহিনী ও এসআরবি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, ভুয়া পরিচয়ধারী আটক
সিলেটে সেনাবাহিনী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কর্মকর্তা পরিচয়ে সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ শহীদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সীমানাপ্রাচীরসংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও র্যাবের (বর্তমানে এসআরবি) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি ব্যবসায়ী জুবেল আহমদের (২৫) কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার চা, পান ও সিগারেট বিক্রির ভ্যানগাড়িটি মালামালসহ নিয়ে যান। পরে জুবেলের সহযোগী এমরান আহমদ (২৭) নগদ ২ হাজার টাকা এবং জুবেল বিকাশের মাধ্যমে দুই দফায় ৫ হাজার ১০০ টাকা প্রদান করলে ভ্যানগাড়িটি ফেরত দেওয়া হয়।
এ ছাড়া গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে তানভীর মিয়া (১৮) নামে আরেক ব্যক্তির কাছ থেকেও ১ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
সর্বশেষ ১২ নভেম্বর সকালে অভিযুক্ত ব্যক্তি তানভীরের দোকানে গেলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং অসংলগ্ন কথাবার্তা বলেন। এ সময় পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১২ নভেম্বর মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৭। দ্য পেনাল কোড, ১৮৬০-এর ১৭০/৩৮৫/৩৮৬ ধারায় মামলাটি রুজু করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি-সিটিএসবি মোঃ আফজাল হোসেন।






