৭ লাখ টাকার আলিশান ফ্ল্যাট ২০০ টাকায় বিক্রি
আলিশান ভবনে দুই বেডরুমের ফ্ল্যাট। আয়তন ৬৮ বর্গমিটার। স্বাভাবিকভাবে বিলাসবহুল এই ফ্ল্যাটের দাম প্রায় সাড়ে সাত লাখ টাকা। কিন্তু কপালজোরে এক তরুণ সেটি কিনে নিয়েছেন মাত্র ২০০ টাকায়। সম্প্রতি চীনে ‘ডাবল ইলেভেন’ (১১ নভেম্বর) শপিং উৎসব উপলক্ষে আয়োজিত অনলাইন নিলামে অবিশ্বাস্য এই দামে ফ্ল্যাটটি কিনেছেন তিনি।
ফ্ল্যাটটির অবস্থান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি আলিশান ভবনের সপ্তম তলায়। আলিবাবা অকশনে বিক্রির জন্য তোলা হয়েছিল ফ্ল্যাটটি।
চীনের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম তাওবাওয়ের পরিচালনাকারী প্রতিষ্ঠান আলিবাবা এই নিলামের আয়োজন করে। নিলাম শুরু হয়েছিল মাত্র এক ইউয়ান দিয়ে। প্রতি ধাপে দাম বাড়ানোর সুযোগ ছিল ০ দশমিক ০১ ইউয়ান করে। তবে সর্বোচ্চ দর নির্ধারণ করা হয়েছিল ১১ ইউয়ান। নিলামে অংশ নেন ১ হাজার ৬৭৭ জন। তারা মোট ১ হাজার ১ বার দর হাঁকান। গত ৫ নভেম্বর নিলাম শেষ হয়।
পূর্ব চীনের জিয়াংসু-ঝেজিয়াং অঞ্চলের এক বেনামি ক্রেতা প্রথম ১১ ইউয়ানের দর জমা দিয়ে ফ্ল্যাটটি জিতে নেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২০৫ টাকা। ফ্ল্যাটের দাম ও প্ল্যাটফর্মের লেনদেন ফি এরই মধ্যে পরিশোধ করেছেন তিনি।
ফ্ল্যাট কিনলেও সেখানে থাকা হবে না ক্রেতার
এত কম দামে ফ্ল্যাট পেলেও সেখানে স্থায়ীভাবে থাকতে চান না ওই তরুণ। নিলামের সরাসরি সম্প্রচারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, হেইলংজিয়াংয়ে গিয়ে থাকার পরিকল্পনা নেই তার। বরং শীতকালে ছুটি কাটানোর জন্য হয়তো মাঝেমধ্যে ফ্ল্যাটটি ব্যবহার করবেন।
তবে মাত্র ১১ ইউয়ান দিলেই ফ্ল্যাটটির মালিকানা পুরোপুরি পাওয়া যাবে না। দলিল হস্তান্তরের জন্য তাকে আরও প্রায় ২ হাজার ইউয়ান কর দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৮ হাজার ৪০০ টাকা।
বাজারদর সাড়ে সাত লাখ টাকা
স্থানীয় আবাসনবিষয়ক অ্যাপগুলোর তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৪০ হাজার ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত লাখ টাকা। একই আবাসন কমপ্লেক্সে পুরোনো ফ্ল্যাটের গড় বিক্রয়মূল্য প্রতি বর্গমিটারে প্রায় ২ হাজার ৭০০ ইউয়ান। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক জানান, ফ্ল্যাটের প্রকৃত দামের সঙ্গে নিলামে বিক্রির দামের যে পার্থক্য, তা ভর্তুকি দিয়ে সমন্বয় করেছে আলিবাবা কর্তৃপক্ষ।
চীনে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৪ সালের নভেম্বরে শানডং প্রদেশের ওয়েইহাইয়ে নিলামের মাধ্যমে মাত্র ১১ ইউয়ানে সাড়গরপাড়ে ৪০ বর্গমিটারের একটি ফ্ল্যাট কিনেছিলেন এক নারী। স্বাভাবিকভাবে ওই ফ্ল্যাটের দাম ছিল ৫০ হাজার ইউয়ানের কাছাকাছি। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট







