জুড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা-২০২৬ শনিবার (১৪ নভেম্বর) একযোগে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার জুড়ীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপজেলার ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শেষ হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের এই পরীক্ষায় অংশ নেয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জুড়ী উপজেলা কমিটি সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৭৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষা চলাকালে জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, জুড়ী প্রেসক্লাবের তানজীর আহমেদ রাসেল, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিবাকর দাশ, বিএনপি নেতা কামরুল ইসলাম, আফতাব আলী, জামায়েত নেতা সুরমান আহমেদ ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহিবুর রহমান, সহকারী কেন্দ্র সচিব ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম, সেক্রেটারি বিকাশ দাশ, গুরুগৃহ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদশা মিয়া, জুড়ী শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষিকা খোরশিদা বেগম প্রমুখ।
পরীক্ষা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বৃত্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের উপজেলার শিক্ষার্থীরা আরো অনুপ্রাণিত হবে বলে আমি বিশ্বাস করি।







