সুনামগঞ্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম আটক
জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সাদিকুর রহমান (৪২) নামে এক মসজিদের ইমামকে গ্রামবাসী আটক করে পুলিশে দিয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রাম থেকে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক সাদিকুর রহমান (৪২) উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামের বাসিন্দা ও উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামের দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,সাদিকুর রহমান গত ১১ মাস ধরে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের একটি দোকান থেকে চা পাতা কিনতে বের হয় ওই কিশোরী। এ সময় ইয়ারাবাদ জামে মসজিদের ইমাম সাদিকুর রহমান তাকে নিজের কক্ষে টেনে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি দুই স্কুলছাত্রের নজরে এলে তারা আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয় এলাকাবাসী মসজিদের ইমামের কক্ষে গিয়ে তল্লাশি চালান। একপর্যায়ে বিছানার লেপের নিচ থেকে ওই কিশোরীকে বের করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইমাম কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেন। তবে তাঁর বক্তব্য, কিশোরী নিজেই তাঁর কক্ষে প্রবেশ করেছিল। লোকজন দেখে ফেলতে পারে এমন আশঙ্কায় তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন তিনি। পরে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে খবর দেওয়া হলে বিকেলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ওই ইমামকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দাগন জানান, দুই স্কুলছাত্রের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ইমামের কক্ষে যান। সেখানে লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। পরে উপস্থিত লোকজনের সামনে ইমাম মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইয়ারাবাদ গ্রাম থেকে ওই ইমামকে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








