চুনারুঘাটে তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার
হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার সুন্দরপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আজিজুর রহমান (৩৮)। তিনি চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি এবং সুন্দরপুর গ্রামের রোশন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ২টার দিকে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সুন্দরপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ওই নেতাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারাদেশের মতো চুনারুঘাটেও নাশকতার পরিকল্পনা করছিলেন। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।







