ব্রিটিশদের আতঙ্ক ছিলেন যে শাসক
টিপু সুলতান ছিলেন মহীশূর রাজ্যের সুলতান। ১৭৮২ সালের ডিসেম্বর থেকে ১৭৯৯ সালে মৃত্যুর আগপর্যন্ত তিনি রাজ্যটি শাসন করেন। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ ও তাদের মিত্রদের বিরুদ্ধে সংঘটিত চারটি অ্যাংলো-মহীশূর যুদ্ধের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তাকে ‘মহীশূরের বাঘ’ বলা হয় কেন, তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। একটি প্রচলিত কাহিনি অনুযায়ী, তিনি ছুরি দিয়ে একটি বাঘ হত্যা করেছিলেন। আবার তার রাজকীয় প্রতীকেও বাঘের ছবি ব্যবহার করা হতো। এ ছাড়া যুদ্ধে অসাধারণ কৌশল, সাহস ও আক্রমণাত্মক মনোভাবের কারণেও তিনি এই উপাধি পেয়েছিলেন বলে মনে করা হয়।
টিপু সুলতানের জন্ম ২০ নভেম্বর ১৭৫০, দেবনাহল্লি, বর্তমান ভারতের বেঙ্গালুরু; মৃত্যু: ৪ মে ১৭৯৯, শ্রীরঙ্গপত্তন, বর্তমান শ্রীরঙ্গপত্তন। টিপু সুলতানের বাবা হায়দার আলী ছিলেন একজন মুসলিম সেনা কর্মকর্তা। পরবর্তী সময়ে তিনি মহীশূর রাজ্যের ক্ষমতা দখল করে শাসক হয়ে ওঠেন এবং হিন্দু ওয়াদিয়ার রাজবংশকে ক্ষমতাচ্যুত করেন। টিপুর মা ফাতিমা ফখর-উন-নিসা ছিলেন তৎকালীন কুদ্দাপা অঞ্চলের (বর্তমান কাদাপা, অন্ধ্রপ্রদেশ) গভর্নরের মেয়ে।
টিপু সুলতানের পূর্বপুরুষেরা মক্কার শাসক গোত্র কুরাইশের বংশধর ছিলেন। ছোটবেলা থেকেই বাবার অধীনে কর্মরত ফরাসি সামরিক কর্মকর্তাদের কাছ থেকে তিনি যুদ্ধকৌশলের প্রশিক্ষণ নেন। পাশাপাশি পবিত্র কোরআন, ইসলামি আইন, বিজ্ঞান, তলোয়ার চালনা, ঘোড়সওয়ারি এবং ফারসি ও আরবি ভাষা শেখেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শৈশবের বাস্তব অভিজ্ঞতা থেকেও ক্ষমতা ও রাজনীতি সম্পর্কে তার ধারণা তৈরি হয়। বাবার ক্ষমতায় আরোহণের ঘটনাগুলো তিনি কাছ থেকে দেখেছেন। আবার কঠিন পরিস্থিতিরও মুখোমুখি হয়েছেন। একবার তার বাবার বিশ্বস্ত মন্ত্রী খন্দে রাও বিশ্বাসঘাতকতা করলে হায়দার আলী সাময়িকভাবে পালিয়ে যেতে বাধ্য হন। তখন টিপুর বয়স ছিল প্রায় ১০ বছর। ওই সময় তাকে একটি দুর্গে বন্দি করে রাখা হয়েছিল।
যোদ্ধা হিসেবে টিপু সুলতান
ছোটবেলা থেকেই বাবার সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশ নিতেন টিপু। ১৭৬৬ সালে প্রথমবারের মতো সামরিক প্রশিক্ষণ বাস্তব যুদ্ধে কাজে লাগানোর সুযোগ পান তিনি। ওই বছর হায়দার আলীর নেতৃত্বে মালাবার অঞ্চল (বর্তমান কেরালা) অভিযানে অংশ নেন। প্রতিবেশী বালাম রাজ্যের শাসকের বিরুদ্ধেও একটি সামরিক অভিযানে অংশ নেন তিনি। সেই অভিযানে শাসককে আত্মসমর্পণে বাধ্য করেন।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে টিপুর প্রথম সরাসরি সংঘাত ঘটে প্রথম অ্যাংলো-মহীশূর যুদ্ধে (১৭৬৭-৬৯)। এ যুদ্ধে তিনি বাবার সঙ্গে ব্রিটিশ ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই করেন। যুদ্ধটি তার সামরিক দক্ষতা প্রমাণের পাশাপাশি কূটনৈতিক যোগ্যতা দেখানোরও সুযোগ তৈরি করে। কারণ যুদ্ধে হায়দরাবাদের নিজাম যাতে ব্রিটিশদের পক্ষ না নেন, তা নিশ্চিত করতে জোটের শর্ত নিয়ে আলোচনার জন্য তাকে নিজামের কাছে যেতে হয়েছিল।
শেষ পর্যন্ত মাদ্রাজ চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান হয়। চুক্তির একটি শর্ত ছিল, কোনো তৃতীয় পক্ষের আক্রমণের শিকার হলে ব্রিটিশ ও হায়দার আলী পরস্পরকে সহায়তা করবেন। ১৭৬৭ সালে পশ্চিম ভারতের কার্নাটক অঞ্চলে মারাঠাদের বিরুদ্ধে একটি অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দেন টিপু। ১৭৭৫ থেকে ১৭৭৯ সালের মধ্যেও বিভিন্ন সময়ে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন তিনি।
দ্বিতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধে (১৭৮০-৮৪) টিপু উল্লেখযোগ্য সামরিক সাফল্য অর্জন করেন। ১৭৮০ সালে পলিলুরের যুদ্ধে তিনি ব্রিটিশদের পরাজিত করেন। ১৭৮২ সালের ফেব্রুয়ারিতে কোল্লিডাম বা কোলেরুন নদীর তীরে কর্নেল জন ব্র্যাথওয়েটের বাহিনীকেও পরাস্ত করেন।
এই যুদ্ধ চলাকালে তার বাবা হায়দার আলী মারা যান। ১৭৮২ সালের ডিসেম্বরে মহীশূরের সিংহাসনে বসেন টিপু। ১৭৮৪ সালে ব্রিটিশদের সঙ্গে ম্যাঙ্গালোর চুক্তি সম্পাদনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটান তিনি। একই সঙ্গে মহীশূরের সুলতান উপাধি গ্রহণ করেন।
ছোটবেলা থেকেই বাবার সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশ নিতেন টিপু সুলতান
তবে ১৭৮৯ সালে ব্রিটিশদের মিত্র ত্রিবাঙ্কুরের রাজার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি আবারও ব্রিটিশদের সঙ্গে সংঘাতের সূত্রপাত করেন। এর মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধ (১৭৯০-৯২)। এ যুদ্ধে দুই বছরের বেশি সময় ধরে ব্রিটিশ বাহিনীকে প্রতিরোধ করেন টিপু। শেষ পর্যন্ত ১৭৯২ সালের মার্চে শ্রীরঙ্গপত্তন চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। চুক্তির শর্ত অনুযায়ী, তাকে নিজের রাজ্যের অর্ধেক ভূখণ্ড ছেড়ে দিতে হয়, বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে সম্মত হতে হয় এবং দুই ছেলেকে ব্রিটিশদের কাছে জিম্মি রাখতে হয়।
এরপরও টিপু দমে যাননি। ফরাসি বিপ্লব-পরবর্তী সরকার তার প্রতি সহানুভূতিশীল হবে ফরাসিদের এমন আশ্বাসে তিনি দেশটির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেন। তবে বিপ্লবী ফ্রান্সের সঙ্গে তার কূটনৈতিক যোগাযোগের বিষয়টি ব্রিটিশদের কাছে প্রকাশ হয়ে পড়ে। এই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করেন তৎকালীন মাদ্রাজের গভর্নর (বর্তমান চেন্নাই) ও বাংলার গভর্নর জেনারেল রিচার্ড কলি ওয়েলেসলি। ১৭৯৯ সালে তিনি চতুর্থ অ্যাংলো-মহীশূর যুদ্ধ শুরু করেন।
১৭৯৯ সালের ৪ মে ব্রিটিশ নেতৃত্বাধীন বাহিনী টিপুর রাজধানী শ্রীরঙ্গপত্তন দুর্গে আক্রমণ চালায়। দুর্গের প্রতিরক্ষা দেয়ালে তৈরি হওয়া ফাটল দিয়ে শত্রুরা ভেতরে প্রবেশ করলে নিজের সৈন্যদের নেতৃত্ব দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন টিপু। সেখানেই যুদ্ধরত অবস্থায় তার মৃত্যু হয়।
শাসক হিসেবে টিপু সুলতান
টিপু সুলতান ছিলেন দক্ষ সেনাপতি ও প্রশাসক। শাসনব্যবস্থায় তিনি বেশ কিছু সংস্কার এনেছিলেন। এর মধ্যে ছিল নতুন ভূমি রাজস্বব্যবস্থা চালু, বিভিন্ন ধরনের নতুন মুদ্রার প্রচলন এবং ‘মৌলুদি’ নামে একটি নতুন বর্ষপঞ্জি প্রবর্তন।
যুদ্ধক্ষেত্রে তার অন্যতম বড় উদ্ভাবন ছিল লোহার আবরণযুক্ত রকেট, যা ‘মহীশূর রকেট’ নামে পরিচিত। হায়দার আলীও এ ধরনের অস্ত্র ব্যবহার করতেন। তবে টিপু এগুলোর নকশায় পরিবর্তন আনেন এবং আরও কার্যকরভাবে ব্যবহার করেন। বারুদভর্তি ধাতব নলের সঙ্গে একটি ভারসাম্য রক্ষাকারী দণ্ড যুক্ত করে এসব রকেট তৈরি করা হতো। পরবর্তী সময়ে এই রকেটের প্রযুক্তি ব্রিটিশদের কংগ্রিভ রকেট তৈরিতে অনুপ্রেরণা জোগায়।
বাবার প্রতিষ্ঠিত রাজ্যের সীমানা আরও বিস্তৃত করতে টিপু সুলতান সামরিক অভিযান চালাতেন। কোচিন, ত্রিবাঙ্কুর, কোর্গ (বর্তমান কোডাগু) ও মালাবারের মতো প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে তার সম্পর্ক ছিল বৈরী। যারা তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করত, তাদের দমন করতেন। শত্রুদের প্রতি তার কঠোর আচরণের কথাও ইতিহাসে উল্লেখ রয়েছে।
অনেকের মতে, বিচক্ষণতার দিক থেকে তিনি তার বাবা হায়দার আলীর সমকক্ষ ছিলেন না। হায়দার আলীর মতো নমনীয় নীতি অনুসরণ না করে তিনি আধুনিক কর্ণাটকের কোডাগুর কোদাভা সম্প্রদায়, বর্তমান কেরালার মালাবারের নায়ার সম্প্রদায় এবং কর্ণাটকের ম্যাঙ্গালোরের খ্রিষ্টানদের একটি অংশকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
এসব ধর্মান্তরের পেছনের কারণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ একে ধর্মীয় অসহিষ্ণুতার প্রকাশ হিসেবে দেখেন। আবার কেউ মনে করেন, মহীশূরের রাজ্যের ওপর নিজের নিয়ন্ত্রণ সুসংহত করতেই তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন।
তবে টিপুর ধর্মীয় সহনশীলতারও কিছু ঐতিহাসিক প্রমাণ রয়েছে। মালাবারের ইনাম বা ধর্মীয় ও দাতব্য অনুদানসংক্রান্ত নথিতে দেখা যায়, তিনি বিভিন্ন হিন্দু মন্দিরে অনুদান দিতেন। শ্রীরঙ্গের শঙ্করাচার্যের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। তাদের মধ্যে বেশ কিছু আন্তরিক চিঠি আদান-প্রদান হয়েছিল, যা ইতিহাসে ‘শ্রীরঙ্গী চিঠিপত্র’ নামে পরিচিত। প্রয়োজনের সময় তিনি ওই মঠের শঙ্করাচার্যকে সহযোগিতাও করেছিলেন।
ব্রিটিশদের হাতে পরাজিত টিপু সুলতান
১৭৯৯ সালের ৪ মে মহীশূরের রাজধানী শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশ বাহিনীর চূড়ান্ত যুদ্ধ হয়। বাঁশের মই ব্যবহার করে ব্রিটিশ সৈন্যরা দুর্গের প্রাচীর টপকে আক্রমণ চালায়। অল্প সময়ের মধ্যেই প্রাচীরের ভাঙা অংশে ব্রিটিশ পতাকা উড়িয়ে দেওয়া হয়। প্রতিরোধ ভেঙে পড়তে থাকলেও টিপু শেষ মুহূর্ত পর্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। একপর্যায়ে তিনি আহত হন। তার কর্মচারীরা পালকিতে করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু অলংকার লুট করতে গিয়ে এক অজ্ঞাতপরিচয় ব্রিটিশ সৈন্য তাকে হত্যা করে।
রাত নামার সময় ব্রিটিশ সেনাদের একটি দল মরদেহের স্তূপের নিচে টিপু সুলতানের দেহ খুঁজে পায়। পরে শহরের পারিবারিক সমাধিসৌধে তাকে দাফন করা হয়। তার পরাজয় ও মৃত্যুর মধ্য দিয়ে মহীশূরে তার শাসনের অবসান ঘটে। এরপর ব্রিটিশরা মহীশূরের নিয়ন্ত্রণ নেয় এবং আগের হিন্দু রাজবংশের এক শিশুসদস্যের হাতে সিংহাসন তুলে দেয়। টিপুর প্রাসাদে বসবাস শুরু করেন ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলি। টিপুর প্রিয় বাঘগুলোও গুলি করে মেরে ফেলা হয়।
ইতিহাসে টিপু সুলতানের অবস্থান
কেউ তাকে ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করতে লড়াই করা বীর শাসক হিসেবে মূল্যায়ন করেন। আবার কেউ তার ধর্মীয় গোঁড়ামি ও আগ্রাসী নীতির সমালোচনা করেন। তবে একটি বিষয়ে দ্বিমত নেই ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে শেষ বড় সামরিক বাধা ছিলেন টিপু সুলতান।
তার সেনাবাহিনীকে পরাস্ত করা ছিল অত্যন্ত কঠিন। শেষ পর্যন্ত ব্রিটিশ, মারাঠা ও হায়দরাবাদের নিজামের সম্মিলিত সামরিক শক্তির কাছে পরাজিত হন তিনি। এভাবেই ইতিহাসে ‘মহীশূরের বাঘ’ হিসেবে পরিচিত এই শাসকের জীবনাবসান ঘটে। সূত্র: ব্রিটানিকা ডটকম, হিস্ট্রি টুডে







