আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি জীবন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন।
সাম্প্রতিক সময়ে নদীর তীব্র ভাঙনে বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ সড়ক ঝুঁকির মুখে পড়ায় স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের প্রেক্ষাপটে তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে এমপি সাখাওয়াত হাসান জীবন ভাঙনকবলিত এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এ সময় স্থানীয়রা নদীর অব্যাহত ভাঙনের ফলে ঘরবাড়ি হারানোর শঙ্কা, ফসলি জমি বিলীন হয়ে যাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার অবনতির বিষয়টি তুলে ধরেন।
দ্রুত কার্যকর ও স্থায়ী নদীভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন তিনি। এমপি সাখাওয়াত হাসান জীবন জানান, ৩২০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। একে একে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান গুলো আমরা দ্যূত মেরামত করব। নদী ভাঙ্গ রোধে সর্বোচ্চ সহযোগিতা করবে বর্তমান সরকার।
নদীভাঙন আজমিরীগঞ্জের মানুষের দীর্ঘদিনের একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানে তিনি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন স্থানীয়দের।
তিনি আশ্বস্ত করে বলেন, ভাঙনকবলিত মানুষের জানমাল, বসতভিটা ও কৃষিজমি রক্ষায় সরকার আন্তরিক এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতির একটি প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে, যাতে দ্রুত বরাদ্দকৃত অর্থ নিশ্চিত করে নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা যায়।
একই সঙ্গে জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।
নদীভাঙ্গন পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আকবর হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ।







