বাবা-মাকে মাদকাসক্ত যুবকের নির্যাতন, ছেলের ১ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলেন মা বাবা। অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে মাদকাসক্ত যুবক আব্দুল আলীম (১৯)কে করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মধ্যে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর মমি সিংঙ্গাহাটি গ্রামে ঘটনাটি ঘটেছে।
কারাদণ্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জা গেছে, মাদক সেবনের জন্য টাকা না দিলেই বাড়ির জিনিসপত্র ও অটোরিকশা ভাংচুর এবং মা বাবাকে দীর্ঘদিন দিন ধরেই শারীরিকভাবে নির্যাতন করে আসছিলো আব্দুল আলীম। কোনোভাবেই সামাল দিতে না পারায় সর্বশেষ অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যায় বাবা মা। এমন অভিযোগ পেয়ে মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে ওই বাবা মাকে রক্ষায় তাহিরপুর থানা পুলিশের সহযোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকেই আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মাদকাসক্ত যুবক আব্দুল আলীমকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ এ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কারাদণ্ডপ্রাপ্ত যুবককে রাতে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, মাদকমুক্ত উপজেলা করতে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সবাই সবার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করলে মাদকমুক্ত করা সম্ভব হবে। মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
উপজেলার সচেতন মহল বলছেন, মাদক কারবারি ও সেবনকারীদের দমনের প্রশাসনের পক্ষ থেক আরও কঠোর পদক্ষেপ নজরদারি, তাৎক্ষণিকভাবে দীর্ঘ মেয়াদে শাস্তি দেয়া হলে কিছুটা হলেও মাদকাসক্ত ও মাদক বিক্রি কমে আসবে। মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা ও আইনের কঠোরতা প্রয়োজন।







