সীমান্তে মানবিক ছোঁয়া:
বিজিবির চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা ও চশমা বিতরণ
সীমান্তবর্তী জনসাধারণের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। একই সঙ্গে সরাইল রিজিয়নের আওতাধীন ইউনিটগুলোর সাম্প্রতিক আভিযানিক কার্যক্রম তুলে ধরে মিডিয়া ব্রিফিং করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে চুনারুঘাট উপজেলার বাল্লা রেলস্টেশন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
চক্ষু শিবিরে স্থানীয় প্রায় দুই শতাধিক নারী পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। জাসপোস আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসকদের একটি দল ডা. অরন্ধতী মোদকের নেতৃত্বে এ সেবা প্রদান করেন। এছাড়া স্বল্পমূল্যে ছানি অপারেশনের জন্য রোগীদের টোকেন দেওয়া হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মিডিয়া ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, দেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বে রয়েছে ১ হাজার ২০৪ কিলোমিটার এলাকা। এই এলাকায় ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট ও ২১১টি বিওপির মাধ্যমে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে। তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিয়মিত টহল ও বিশেষ অভিযানে ৭৬ জন আসামিকে আটক করা হয়েছে। একই সময়ে প্রায় ২৫৮ কোটি ৭৪ লাখ টাকার মাদক ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এছাড়া অভিযানে একটি পিস্তল, দুটি কার্তুজ, ১০টি গ্রেনেড, দুটি ম্যাগাজিনসহ দেশীয়-বিদেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধেও অভিযান চালিয়ে ৯ হাজার ৫৯৩ ঘনফুট পাথর ও ১ লাখ ৪৬ হাজার ৪৮০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে বলে জানান তিনি। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশু ও কোরবানির চামড়া পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
ব্রিফিংয়ের শেষে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।







