বিশ্ব পরিবেশ দিবসে বানিয়াচংয়ে ছাত্র জমিয়তের বৃক্ষরোপণ
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে পালন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বানিয়াচং উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে সংগঠনের সভাপতি রাফিউল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জনাব আলী ডিগ্রি কলেজ, এল.আর. সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং সারা বছরব্যাপী বৃক্ষরোপণ ও পরিচর্যার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাফাজ্জুল হক, অর্থ সম্পাদক মিসবাহ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হেলাল আহমদ, নির্বাহী সদস্য মাহমুদুল হাসান রামিম ও রিয়াদ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।







