বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে নিসচার সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ২৯তম দিনে উপজেলার ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টায় এ কর্মসূচি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।
সহ-ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মাহিনুর ইসলাম মাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক বিশ্বজিৎ চন্দ্র দাস, সহকারী শিক্ষক পার্থ সেন, রাজিব দাস, আমিনুল ইসলাম ও নিসচা’র দপ্তর সম্পাদক শাহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় শিক্ষার্থীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম এবং দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ।
সমাবেশে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারের নিয়ম, জেব্রা ক্রসিং ও ফুটপাত ব্যবহারের গুরুত্ব, রোড সাইন, ট্রাফিক সিগন্যাল এবং মোটরসাইকেল চালনার ক্ষেত্রে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তাসহ সড়কে চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন ও প্রশিক্ষিত করা হয়।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে একটি ভয়াবহ মানবসৃষ্ট সামাজিক ব্যাধি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা সবচেয়ে বেশি জরুরি। চালক, পথচারী এবং শিক্ষার্থী—সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সকলের সমন্বিত উদ্যোগে একসাথে কাজ করার আহ্বান জানান।







