ব্রাইট একাডেমির শিক্ষাবৃত্তি পেল ৮০ কৃতি শিক্ষার্থী
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অনন্য প্রতিভার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘ব্রাইট শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণী ও সম্মাননা অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ জুন) হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে ব্রাইট একাডেমির আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় গত বছরের ১৩ ডিসেম্বর ‘ব্রাইট শিক্ষাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছিল। হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে উত্তীর্ণ হয় মোট ৮০ জন শিক্ষার্থী।
একাডেমি কর্তৃপক্ষের পূর্বপরিকল্পনা অনুযায়ী, আজ এই কৃতি শিক্ষার্থীদের বড় পরিসরে আনুষ্ঠানিক সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জহিরুল হক শাকিল।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জ্ঞান, নীতি-নৈতিকতা ও বিবেক মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে। যথাযথ মূল্যায়ন ও সঠিক পরিচর্যার অভাবে আমাদের সমাজে অনেক মেধাবী শিক্ষার্থী মাঝপথে পিছিয়ে পড়ে। ব্রাইট একাডেমির এই মহতী উদ্যোগ মেধা অন্বেষণ ও মানবসম্পদ উন্নয়নে ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ব্রাইট একাডেমির চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, কবি, গবেষক ও ক্রীড়াবিদ সৈয়দ এনাম আহমেদ উজ্জ্বলের সভাপতিত্বে একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার্থীদের মেধা বিকাশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ব্রাইট একাডেমি হবিগঞ্জের শিক্ষাঙ্গনে একটি নতুন ও অনন্য সংযোজন। সময়ের সাথে তাল মিলিয়ে শীঘ্রই এটি একটি আন্তর্জাতিক মানের স্কুল হিসেবে আত্মপ্রকাশ করবে এবং হবিগঞ্জের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে ও আধুনিক শিক্ষার চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্রাইট একাডেমি ভবিষ্যতেও এই ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ওয়াটারকিপার ও হবিগঞ্জ আঞ্চলিক কমিটির সহ-সভাপতি তোফাজ্জল সোহেল, বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জয়ন্ত সিংহ রায় এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আ. ব. ম. ফখরুদ্দিন খান পারভেজ। অনুষ্ঠানে ব্রাইট একাডেমির শিক্ষকদের পক্ষে উপস্থিত ছিলেন সম্রাট সূত্রধর, ফারিয়া সুলতানা, নাজিরা আক্তার নাজু, সামিয়া আক্তার রোভা, তানিয়া, সাইফুল রহমান রাকিব, তিতাস, সুমাইয়া, শাকিরা এবং সৈয়দ হাসানুজ্জামান অপু ও সৈয়দ শাহিন।
অনুষ্ঠানে নিজেদের অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সোহা, মুনতাহা ও শাহ ইবাদ উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অংশু দেবনাথ ও ফাল্গুনী চৌধুরী, অভিভাবক ফাহিমা চৌধুরী ও শংকর দেব। অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি ৮০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
সমাপনী বক্তব্যে আয়োজক কর্তৃপক্ষ উপস্থিত সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।







