ছাতকে বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার
ছাতকে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে একটি বিদেশি “রিভলবার” উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর একটি টিম। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি টিম এ বিদেশি রিভলবারটি উদ্ধার করে।রোববার (১১অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি এ তথ্য নিশ্চিত করেছে।
এসআরবি জানিয়েছে, ১০ অক্টোবর দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি টিম জানতে পারে, ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তা-সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে কয়েক জন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গভীর রাতে এসআরবি-৯-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা দু-তিনজন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি শপিং ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে। অস্ত্রটির এক পাশে ইংরেজিতে ‘USA’ লেখা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, রিভলবারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া)কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।







