ছেলের কাছে যাওয়ার পথে দুর্ঘটনা, না ফেরার দেশে সাংবাদিকের বাবা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক বদরুল আলমের পিতা মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. জাহাঙ্গীর আলম হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের হীলালপুর গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে বদরুল আলম দৈনিক খোয়াইয়ের চিফ রিপোর্টার এবং বাংলা নিউজ ২৪ ও আগামীর সময়-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে হবিগঞ্জ শহরে ছেলের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আজমিরীগঞ্জ থেকে রওনা দেন মো. জাহাঙ্গীর আলম। পথে বানিয়াচং উপজেলার কুন্ডুরপাড় এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে মো. জাহাঙ্গীর আলম স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক বদরুল আলমের পিতা মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুতে আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।






