দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিষিদ্ধ সংগঠনের তৎপরতা, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে (ট্রাফিক পয়েন্ট) আলতাফ স্কয়ারে এসে পথসভা মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় জেলা, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বক্তব্য দেন।
দেশে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা মোকাবিলা ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভায় সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, আমরা ভোট চুরি করে ক্ষমতায় আসিনি। আমরা পুলিশের গুলির মুখে আন্দোলন করে মানুষের ভালোবাসায় নিয়েই ক্ষমতায় এসেছি। ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশের অর্থনীতিকে একদম পঙ্গু করে দিয়েছিল। তারেক রহমান এই দেশকে নতুন করে সাজাতে দিন রাত পরিশ্রম করেছে। এদিকে, নিষিদ্ধ সংগঠন মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমরা বিগত দিনেও রাজপথে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও রাজপথে থাকব। তারেক রহমানের নেতৃত্ব ও আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মঈনুল ইসলাম সাজু, নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, আতাহার চৌধুরী শাহীনসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।







