দিরাই প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় দিরাই থানা রোডস্থ গার্লস স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি এফ এইচ নুমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম বি জে বদরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মওদুদ আহমেদ, সহ-সভাপতি নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ ওয়াসিম কবির ,দপ্তর সম্পাদক ইমরান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক রুকুন উদ্দিন মাসুদ, সমাজকল্যাণ সম্পাদক ফয়জুল ইসলাম, তথ্য ও অনুসন্ধান সম্পাদক হুমায়ুন কবির, সদস্য আকাশ আচার্য প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও ঐক্য বজায় রেখে জনগণের কথা তুলে ধরতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের সংবাদ নিরপেক্ষভাবে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবের সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।







