দিরাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতার আহ্বান
নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর অধিকার প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। ধ্রুপদি নন্দীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দিরাই পিএফজির অ্যাম্বাসেডর গোলাপ মিয়া, দিরাই প্রেসক্লাবের সভাপতি ও দিরাই পিএফজির কো-অর্ডিনেটর সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ইনচার্জ লক্ষ্মী রানী তালুকদার লাকী এবং শিক্ষিকা রুবেনা আক্তার।
এছাড়া ওয়েভ সদস্য ফরিদা বেগম, রুফিয়া বেগম, রাহেলা আক্তার, রুফিয়া খাতুন, লিলি বেগম ও হেনা বেগমসহ ওয়েভ ও ইয়ুথ সদস্যরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।







