দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধ, গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধপূর্ণ জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় চারজনকে আসামী করে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুন পাড়া গ্রামের মোঃ ইসলাম উদ্দিন (৪৭)
অভিযুক্তরা হলেন দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুন পাড়া গ্রামের, সাইফুর রহমান (৩৫), মোঃ মিজান মিয়া (২৫), মোঃ মাসুক মিয়া (৬৫) ভবানীপুর গ্রামের মোঃ জুয়েল মিয়া (২৬)
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার পানাইল মৌজায় অবস্থিত জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগকারী দাবি করেন, তাঁর ও তাঁর স্ত্রীর মালিকানাধীন জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ রয়েছে। এ বিষয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও বিচারাধীন রয়েছে।
গত ২৩ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে গাছ কাটার চেষ্টা করেন। এ সময় তিনি বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। পরিস্থিতির কারণে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, বিরোধপূর্ণ জমিতে গাছ কাটা কিংবা ঘর নির্মাণে বাধা দিতে গেলে প্রতিপক্ষের সঙ্গে আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগকারী বিরোধপূর্ণ জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে







