এমসি কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬–২৮ মেয়াদ) গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের চূড়ান্ত গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদন, আর্থিক হিসাব-বিবরণী পেশ এবং বিশেষ স্মরণিকা ‘স্মৃতি-সৌরভ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় এমসি কলেজের অর্থনীতি বিভাগের মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের আহ্বায়ক ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ফাহিমা জিন্নুরায়েনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন।
অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আলতাফুর রহমান এবং গীতা পাঠ করেন রুবেল বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক প্রফেসর মো. তোতিউর রহমান। এরপর আর্থিক হিসাব-বিবরণী পেশ করেন অর্থ উপকমিটির আহ্বায়ক ও মূল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার পাল, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই অধিবেশনে সংগঠনের খসড়া গঠনতন্ত্র সংশোধন ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে ২০২৬–২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটিতে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন এবং সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন।
সার্চ কমিটির সুপারিশ ও অনুমোদনের ভিত্তিতে ঘোষিত শীর্ষ নেতৃবৃন্দ হলেন:
সভাপতি: প্রফেসর মো. তোতিউর রহমান
সাধারণ সম্পাদক: আমিনুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: আল-আমিন
অর্থ সম্পাদক: মো. মারুফ আহমদ
অনুষ্ঠানের সমাপনী পর্বে অতিথিবৃন্দ ও প্রকাশনা উপকমিটির উপস্থিতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ স্মরণিকা ‘স্মৃতি-সৌরভ’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্মরণিকাটিতে অর্থনীতি বিভাগের ইতিহাস, ঐতিহ্য, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা স্থান পেয়েছে। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানানোর পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।







