গুণীজনদের সম্মানিত করলে উজ্জীবিত হয় নতুন প্রজন্ম: ব্যারিস্টার আব্দুস সালাম
সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যারিস্টার মুস্তাক আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জালালপুর ডিগ্রি কলেজে ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম বলেছেন, গুণীজনদের সম্মানিত করলে নতুন প্রজন্ম উজ্জীবিত হয়। একই সঙ্গে আলোকিত হয় সমাজ ও দেশ। সমাজে যারা নিজ নিজ কর্ম ও অবদানের মাধ্যমে মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন, তাঁদের যথাযথ সম্মান জানানো সবার দায়িত্ব।
তিনি বলেন, যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস একটি সুপরিচিত ও সুনামখ্যাত এলাকা। ব্যারিস্টার মুস্তাক আহমদ এই কাউন্সিলের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। বারবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর কাউন্সিলের স্পীকারের দায়িত্ব অর্জন নিঃসন্দেহে গৌরবের বিষয়। প্রবাসে থেকেও তিনি নিজ যোগ্যতা, কর্মদক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে যে অবস্থান তৈরি করেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার। একজন গুণী মানুষকে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় তিনি ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান মাসুকের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুস্তাক আহমদ বলেন, জালালপুর এলাকার সন্তান হিসেবে আজ নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে হচ্ছে। এলাকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।
মরহুম ফজলুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, এলাকার সর্বজন শ্রদ্ধেয় এই মানুষটি তাঁর চলার পথে ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর স্মৃতি ও আদর্শকে ধারণ করে ফজলুর রহমান মেম্বারের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সালিসি ব্যক্তিত্ব এম এ শহীদ পংকি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ আখলাকুল আম্বিয়া বাতিন, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, এনামুল কবির, শাহজাহান চৌধুরী সাজুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






