হাওরপাড়ে মাদ্রাসা-এতিমখানা গড়ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের অবহেলিত পশ্চিম গগড়া গ্রামে আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ ও তার পরিবারের ভাই-বোনের অর্থায়নে ‘জব্বারিয়া আনোয়ারা খানম নূরানী মাদ্রাসা ও এতিমখানা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) বিকেলে দোয়া মাহফিলের অয়োজন করে স্তানীয় এলাকাবাসী। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ, সমাজসেবক আলহাজ্ব আব্দুল মুকিত, কামাল হোসেন, নিরাপদ সড়ক চাই নিসচা’র সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, ব্যবসায়ী মুরাদ আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী আফরান মুক্তাদির, এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র অর্থায়নে ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ২০২২ সালে হাকালুকি হাওরপাড়ের পানিবন্দী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণের সময় হঠাৎ চোঁখে পড়ে পশ্চিম গগড়া দুর্গাই গ্রামের পুরনো জং ধরা টিন দিয়ে কোনোভাবে চারিদিকে আবদ্ধ করা একটি চোট্ট মসজিদে গ্রামের কিছু সংখ্যক মানুষ নামাজ আদায় করছেন। মসজিদে প্রবেশ করেই দেখা গেলো উপরে পুরনো টিন থাকলেও বড়-বড় ফুটোর কারণে বৃষ্টিতে ভিজেই নামাজ আদায় করতে হয়। এমন দূর্দশা দেখে আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ তাৎক্ষণিক ঐ এলাকায় মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন।
মসজিদ নির্মাণের ঘোষণা শুনে পঞ্চায়েত কমিটির সভাপতি মো. আব্দুল মতিনসহ এলাকাবাসীর সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠেন। তারপর স্থানীয়দের পরামর্শে আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহর ব্যক্তিগত অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন এবং মসজিদের ইমামের জন্য মাসিক বেতনও তিনি চালিয়ে যাচ্ছেন।
এদিকে হাওর পাড়ে মসজিদ নির্মাণের পর এবার দ্বীনি ও সাধারণ শিক্ষার প্রসারের লক্ষ্যে আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ ও তার ভাই-বোনের উদ্যোগে জব্বারিয়া আনোয়ারা খানম নূরানী মাদ্রাসা ও এতিমখানার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ ও তার ছয় ভাই-বোনের সার্বিক সহযোগিতায় হাওর পাড়ের এই প্রতিষ্ঠানটি চালু হলে এলাকার শিশুদের ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার পাশাপাশি এতিমদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া এর আগে তিনি প্রায় কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালিন মূহুর্তে মানবিক সহায়তা প্রদান করেন এবং পবিত্র ঈদ-উল ফিতরে খাদ্য সামগ্রী ও ঈদ-উল আযহায় কোরবানির জন্য গরু দিয়ে সহযোগিতা করেন।
সরেজমিনে দেখা যায়, বড়লেখা-হাকালুকি আঞ্চলিক সড়কের কানোনগোবাজার থেকে চার কিলোমিটার দূরে পশ্চিন গগড়া দুর্গাই গ্রাম। অবহেলিত এই গ্রামে যাতায়াতের জন্য কোনো গণপরিবহন চলাচলের ব্যবস্থা নেই। কারণ কাচা সরু রাস্তায় কর্দমাক্ত হয়ে গ্রামে যেতে হয়। উন্নয়ন থেকে বঞ্চিত এই গ্রামে নেই উন্নয়নের ছোয়া। কর্দমাক্ত পথ পেরিয়ে চোখে পড়লো আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র প্রতিষ্ঠিত সেই দৃষ্টিনন্দন বায়তুল আকসা জামে মসজিদ। যেখানে গ্রামের শত-শত মানুষ ধর্ম চর্চা করেন।
গ্রামের প্রবীণ মুরুব্বি আব্দুল জব্বার বলেন, মিছবাহ ভাইয়ের প্রতিষ্ঠিত মসজিদ আমাদের জন্য এক বিশাল পাওয়া। নামাজ আদায়ের পাশাপাশি রোজ সকালে মক্তবে বাচ্চারা পড়াশোনা করে। তাছাড়া ঈদের জামাত, ওয়াজ মাহফিলসহ অন্যান্য ধর্মচর্চা মসজিদে হয়। আসলে মরহুম ডা. তোফাজ্জল হোসেনের যোগ্য পুত্র মুক্তাদির হোসেন মিছবাহ আমাদের জন্য এক বটবৃক্ষ। আমরা মিছবাহ ভাইসহ তার পরিবারের জন্য প্রতিনিয়ত মহান আল্লাহপাকের নিকট দোয়া কামনা করি।
আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ বলেন, আমার পিতা মরহুম ডা. তোফাজ্জল হোসেন তার জীবদ্দশায় মানুষের কল্যাণ নিজেকে উজার করে দিয়েছেন। বিশেষ করে নিরক্ষরতা দূরীকরণে তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও স্কুল নির্মাণ করে দিয়েছেন। এখনো তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো সগৌরবে পরিচালিত হচ্ছে। মানুষের জন্য আমার বাবার ত্যাগ, নিঃস্বার্থ কর্ম আমাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেছিল। আমরা ছয় ভাই-বোন সবাই স্ব-স্ব গুণে গুণান্বিত। তাছাড়া দেশ-বিদেশে অবস্থান সত্ত্বেও শত ব্যস্ততার মাঝেও আমাদের নারীর টানে মানুষের কল্যাণে পাশে দাড়ানোর চেষ্টা করি।
তিনি আরোও বলেন, আমার মাতা মরহুমা আনোয়ারা খানম তিনি আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মান করতেন। এবং বিভিন্ন মাদ্রাসায় তিনি জমি ক্রয় করে দিয়েছেন। শুধু তাই নয় মাদ্রাসা নির্মাণের জন্য সামগ্রী দিয়ে সহযোগিতা করতেন। মায়ের মৃত্যুর আগে তিনি আমাদের যে নসিহত করেছেন তা আমরা ভাই-বোনেরা মিলে তা পূরণ করার চেষ্টা করছি। আসলে আমাদের মাতা-পিতার কাছ থেকেই আমরা যা শিখেছি তা বাস্তবায়নের চেষ্টা করছি। কারণ আমাদের এই সম্পদ আমাদের নয় এসব মহান আল্লাহপাকের দয়া ও করুনা।
বড়লেখা উপজেলার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে পরিশেষে তিনি বলেন, তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া দুর্গাই গ্রাম উন্নয়ন থেকে বঞ্চিত। এই অবহেলিত গ্রামের প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ কয়েক বছর থেকে এই এলাকার মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য বার-বার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। সরকারিভাবে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার দিকে দৃষ্টি দিতে তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিকট আকূল আবেদন জানান।






