হবিগঞ্জে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন ডিআইজি

হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় জেলার বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মে) হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. জিল্লুর রহমান। হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), সার্কেল এএসপি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. জিল্লুর রহমান পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও আন্তরিক, পেশাদার এবং জনবান্ধব হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের মূল দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। মাদক, চোরাচালান এবং কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো ধরনের হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে। এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার তুলে দেন ডিআইজি মো. জিল্লুর রহমান। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম। শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান উদ্ধারকারী হিসেবে পুরস্কার পান একই থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মৃদুল হাসান তরফদার। একই থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নির্বাচিত হন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মো. হেলাল মিয়া এবং অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে সম্মাননা পান সাব-ইন্সপেক্টর (এসআই) মো. কামরুল ইসলাম। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার তারেক মাহমুদ পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, হবিগঞ্জ জেলাকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। আগামীতে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







