ইরানের পথে স্পিকার ও বিরোধী দলের ৪ এমপি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিরোধী দলের চার সংসদ সদস্য।
বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে যাত্রা করেন তারা।
বিরোধী দলের সংসদ সদস্যরা হলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক নুরুল আমীন এবং মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পীরজাদা হানজালা।
জানা গেছে, জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার ও সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লব-পরবর্তী ইরানের রাষ্ট্রব্যবস্থা গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে অল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ইরান-ইরাক যুদ্ধ শুরুর পর ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে।
এদিকে স্পিকারের এ সফরকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও শোক-সংহতির সফর হিসেবে দেখা হচ্ছে।






