জাতীয় পর্যায়ে মৌলভীবাজারের ‘জলপ্রপাত’-এর দুই শিল্পী; বিভাগীয় পর্যায়ে প্রথম
সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করেছেন মৌলভীবাজারের সাংস্কৃতিক সংগঠন ‘জলপ্রপাত শিল্পীগোষ্ঠী’র দুই শিল্পী সালাহ উদ্দিন ও তাওহিদুল হাসান সাফওয়ান।
সোমবার (২৬ অক্টোবর) নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে তাঁরা এই সাফল্য অর্জন করেন।
প্রতিযোগিতায় ‘হামদ ও নাত’ (আলিম) ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেন জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর জুড়ী উপজেলা পরিচালক সালাহ উদ্দিন এবং ‘ইসলামিক সংগীত ও গজল’ (খ বিভাগ) ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেন তাওহিদুল হাসান সাফওয়ান।
দুই শিল্পীর এই সাফল্যে জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর সদস্য, শুভাকাঙ্ক্ষী ও মৌলভীবাজারবাসির মাঝে আনন্দের জোয়ার বইছে। তাঁদের এই অর্জন সংগঠনটির দীর্ঘদিনের সাংস্কৃতিক চর্চা ও সাফল্যের ঝুলিতে একটি নতুন মাত্রা যোগ করেছে।
এ বিষয়ে জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর পরিচালক জামিল আহমদ বলেন, “এটি আমাদের পুরো সংগঠনের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। আমাদের সংগঠনের দুই খুদে ও উদীয়মান শিল্পী বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। আমরা আশা করি, জাতীয় পর্যায়েও তাঁরা সেরা সাফল্য উপহার দিয়ে জলপ্রপাত শিল্পীগোষ্ঠীসহ সমগ্র মৌলভীবাজার জেলার সুনাম আরও উজ্জ্বল করবেন।”







