যাত্রীর ছদ্মবেশে ১০০ বোতল ফেন্সিডিল পাচারকালে কারবারি আটক
হবিগঞ্জের চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বটেরতল টুকের বাজার এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে নাজমুল ইসলাম নাহিদ (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ জানতে পারে সিলেটের কোম্পানীগঞ্জ এলাকা থেকে একটি মাদকের চালান ঢাকায় নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজিরসহ পুলিশের একটি দল শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন নাজমুল ইসলাম নাহিদকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ।
চুনারুঘাট থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক কারবারিদের তৎপরতা বাড়তে শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে খুচরা পর্যায়ের কারবারিদের আটক করলেও মাদক সিন্ডিকেটের মূল হোতারা অনেক ক্ষেত্রেই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে মাদক নিয়ন্ত্রণে আরও সমন্বিত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।







