জীবনে সাফল্যের চাবিকাঠি
মানুষের জীবনের প্রতিটি অধ্যায় যেন একেকটি প্রচেষ্টার গল্প—চাওয়া, চেষ্টা আর অর্জনের সমন্বয়ে গড়ে ওঠা এক বাস্তবতা। কেউ পরিশ্রম করে সাফল্যের শিখরে পৌঁছে, আবার কেউ অবহেলায় পিছিয়ে পড়ে। কেননা মানুষের জীবন মূলত তার চেষ্টা, পরিশ্রম ও কর্মের প্রতিফলন। পৃথিবীতে কেউ বিনা প্রচেষ্টায় কিছু অর্জন করতে পারে না।
কিন্তু ইসলামের দৃষ্টিতে এই বিষয়টি শুধু দুনিয়াবি সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর গভীর সম্পর্ক রয়েছে আখিরাতের চূড়ান্ত ফলাফলের সঙ্গে। তাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ‘মানুষ তার নিজের প্রচেষ্টার ফলই পাবে।’ (সুরা : নাজম, আয়াত : ৩৯)
এই নীতি শুধু দুনিয়ার জীবনের জন্য নয়, বরং আখিরাতের হিসাব-নিকাশের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এতে যেমন মানুষের দায়িত্ববোধ জাগ্রত হয়, তেমনি আল্লাহর পরিপূর্ণ ন্যায়বিচারেরও প্রতিফলন ঘটে।
চেষ্টা-প্রচেষ্টা হচ্ছে কোনো কিছু অর্জনের মূল চাবিকাঠি। এখানে প্রচেষ্টা বলতে শুধু দুনিয়াবি পরিশ্রম বোঝানো হয়নি; বরং বিশেষভাবে সৎকর্ম, নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করা কাজকেই বিশেষভাবে নির্দেশ করা হয়েছে। কেননা একজন ব্যক্তি কেয়ামতের দিন শুধু নিজের কৃতকর্মের প্রতিদান লাভ করবে, অন্য কারো আমলের ওপর তার কোনো অধিকার থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ‘কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। ’ (সুরা : নাজম, আয়াত : ৩৮)
প্রত্যেক মানুষ কেয়ামতের দিন তার নিজের কর্মের জবাবদিহিতা করতে বাধ্য। কেউ অন্যের পাপ বহন করবে না, যেমন কেউ অন্যের সৎকর্মের পুরস্কারও পাবে না। ফলে ন্যায়বিচারের দৃষ্টিতে প্রত্যেক ব্যক্তিই তার নিজের কর্মের ফলাফলের সঙ্গে আবদ্ধ। এভাবে আল্লাহর কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন না এবং কারো প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন না। বরং একজন ব্যক্তি যদি ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন।
পক্ষান্তরে, মন্দ কাজের শাস্তি দেওয়া হয় ন্যায়সঙ্গতভাবে এবং শুধুমাত্র তার কর্ম অনুযায়ী।
প্রশ্ন আসে, মানুষ কি অন্যের প্রচেষ্টা থেকে উপকৃত হতে পারে, অথচ মূলনীতি হলো, প্রত্যেকেই তার নিজ কর্মের ফল ভোগ করবে? এর উত্তর হলো, ইসলামে এমন কিছু ব্যতিক্রমী আমল রয়েছে, যেমন-সদকায়ে জারিয়া, দোয়া বা ইলম শিক্ষা দেয়া ইত্যাদী-যেখানে একজনের আমল অন্যের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। তবুও মূল হিসাব-নিকাশের ভিত্তি হচ্ছে ব্যক্তিগত আমল ও নিয়ত। কেননা মহানবী (সা.) বলেন, ‘মানুষকে তার নিয়ত অনুযায়ী পুনরুত্থিত করা হবে।’ (ইবনে মাজাহ, হাদিস নং : ৪২২৯)
শুধু বাহ্যিক কাজ নয়, বরং অন্তরের ইচ্ছা ও উদ্দেশ্যও মানুষের চূড়ান্ত পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার কৃতকর্ম সামনে দেখতে পাবে। ভালো কাজের ফল হবে কল্যাণকর, আর মন্দ কাজের ফল হবে ক্ষতিকর। এই নীতি মানুষকে সচেতন করে তোলে, সে যেন নিজের প্রতিটি কাজের জন্য প্রস্তুত থাকে এবং বুঝতে পারে, তার ভবিষ্যৎ গড়ে উঠছে তারই বর্তমান প্রচেষ্টার মাধ্যমে। এভাবে সফলতা কিংবা ব্যর্থতা—সবকিছুই আমাদের নিজ কর্মের ফল। তাই একজন সচেতন মুমিনের উচিত নিজের আমলকে সুন্দর করা, নিয়তকে বিশুদ্ধ রাখা এবং আল্লাহর ন্যায়বিচারের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা। কেননা শেষ পর্যন্ত, মানুষের প্রকৃত সম্পদ হবে তারই অর্জিত সৎকর্ম।







