জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জকিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান এমপি বলেন,হাজার বছর ধরে চলে আসা হিন্দু-মুসলিম সম্প্রীতির উর্বর ভূমি জকিগঞ্জে বরাবরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কোনো দুষ্কৃতকারী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পর্ক নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও চৌকস ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার।’
সভায় সিদ্ধান্ত হয়, পূজাকালীন মদ্যপানসহ সব ধরনের নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ থাকবে।
আজান ও নামাজের সময় সব ধরনের সাউন্ড সিস্টেম ও গান-বাজনা বন্ধ রাখতে হবে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক সময়সূচি প্রতিটি পূজামণ্ডপে সরবরাহ করা হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও আনসারের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে সভায় জানানো হয়। এবার জকিগঞ্জে ৯৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সংসদ সদস্য মুফতি আবুল হাসানের উপস্থিতির জন্য তাকে ধন্যবাদ জানান। তারা বলেন, জকিগঞ্জে এ ধরনের প্রস্তুতি সভায় কোনো সংসদ সদস্যের উপস্থিতি এবারই প্রথম।
পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে অহেতুক বক্তব্য পরিহারের আহ্বান জানান সনাতন ধর্মাবলম্বীদের নেতারা। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন না করার অনুরোধ জানান তারা।
সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ,বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার,মানিকপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুস শহীদ,জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক কেএম মামুম, রহমত আলী হেলালী, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা জাকির হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম,পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জোতিষ চন্দ্র পাল, বর্তমান সভাপতি হিরালাল বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি সীতেন্দ্র দাস, পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি সরনজিৎ রায় ও স্কুল শিক্ষক পলাশ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ শুভ্র, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস,সিলেট জেলা বিএনপির সহ-অর্থবিষয়ক সম্পাদক সাহেদ আহমদ রাসেল,উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সরোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত,তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, বিএনপি নেতা হিফজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







