খাদিমনগরে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত, প্রশংসায় কুড়াচ্ছে নবজাগরণ যুব সংঘ
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধূপাগোল-ধাপনাটিলা সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে সামাজিক সংগঠন নবজাগরণ যুব সংঘ।
দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্তের কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। পরে গত ২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিন ধাপে কয়েক গাড়ি ইটের কংক্রিট ও বালু ফেলে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলেন সংগঠনের সদস্যরা।
স্বেচ্ছাশ্রমে এমন জনকল্যাণমূলক উদ্যোগে সংগঠনের সদস্যদের প্রশংসা করছেন স্থানীয়রা। সামাজিক ও জনস্বার্থে এ ধরনের উদ্যোগ এলাকার অন্য সংগঠনগুলোকেও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।
এ কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন ব্যক্তিগত তহবিল থেকে সংগঠনটিকে ২০ হাজার টাকা সহযোগিতা করেন।
নবজাগরণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, “আমাদের গ্রাম আমাদেরকেই সুন্দর রাখতে হবে। কাউকে এককভাবে দোষারোপ না করে সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব।”
২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বন্যা ও করোনা মহামারিতে ত্রাণ বিতরণ, কৃষকদের ধান কেটে দেওয়া এবং ২০১৭ সালে নবজাগরণ মক্তবখানা প্রতিষ্ঠাসহ নানা কার্যক্রমে যুক্ত রয়েছে সংগঠনটি।
রাস্তা মেরামতের কাজে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রিপন আহমেদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপদেষ্টা শামসুর রহমান ও আঃ মজিদ, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং সদস্য নজরুল ইসলাম, রাশিদ আহমেদ, শাহেদুর রহমান, রাহিম আহমেদ, তানিম আহমেদ, জামিল আহমেদ, আঃ মনাফ, জুম্মন ইসলাম মাহি, কালা মিয়া, আবদুল্লাহ, জাহিদ, নাভেদ ও জিবরাত ইসলাম মাহদিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।







