মাধবপুরে ফল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ ৭ পদে নির্বাচিত
হবিগঞ্জের মাধবপুর বাজার ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাধবপুর মিনি স্টেডিয়ামের গ্যালারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭৫ জন ভোটারের মধ্যে প্রায় ৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৭টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সহ-সভাপতি পদে মোহাম্মদ জাকির হোসেন খান ও সাধারণ সম্পাদক পদে মো. রাসেল মিয়া নির্বাচিত হন। ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রহমত আলী, মোহাম্মদ মিন্টু মিয়া, মোহাম্মদ বিল্লাল মিয়া, মোহাম্মদ কামাল মিয়া ও সুমন পোদ্দার।
সভাপতি পদে আবুল কাশেম চৌধুরী ও অর্থ সম্পাদক পদে নুকুল রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমবায় অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. ইসমাইল তালুকদার রাহী। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।








