মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে রনি মিয়া (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পানস্থানীয়রা।
নিহত রনির মা রেজিনা বেগম জানান, সোমবার রাতের খাবারের পর হঠাৎ ঘর থেকে বের হয়ে যায় রনি। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে গ্রামের কয়েকজন ব্যক্তি গাছের ডালে ঝুলে থাকা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে লোকজন জড়ো হয়।খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্ল্যা বলেন,“প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হঠাৎ এ মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।








