মাধবপুরে ট্রাক-সিএনজির ধাক্কায় ঝরল দুই প্রাণ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি ড্রামবোঝাই ট্রাক ফিডার সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে উঠার সময় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সিএনজি চালক আক্কাস মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে।
এ সময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন (৭০) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়। তিনি রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী প্রয়াত ড. কামরুল আহসানের স্ত্রী।
গুরুতর আহত অপর দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিটি উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







