নিহত শান্তিরক্ষীদের নেমপ্লেট পরে প্যারাট্রুপিং করবেন ৬ জন
সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসে প্যারাট্র্যুপিং করবেন ছয়জন প্যারাট্রুপার। তারা নিজেদের নেমপ্লেটের পরিবর্তে শহীদ শান্তিরক্ষীদের নেমপ্লেট ধারণ করে প্যারাট্র্যুপিংয়ে অংশ নেবেন।
সোমবার (১৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্যারাট্র্যুপিং করে একটি বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন।
এতে আরও উল্লেখ করা হয়, ৫৪ জন প্যারাট্রুপারের মধ্যে শেষ ছয়জন শহীদ ছয় শান্তিরক্ষীর প্রতি সম্মান জানাতে নিজেদের নেমপ্লেটের পরিবর্তে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নেমপ্লেট পরে প্যারাট্র্যুপিং করবেন।
উল্লেখ্য, গত শনিবার (১৩ ডিসেম্বর) সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হন এবং আরও আটজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
আইএসপিআর জানায়, স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
হামলায় শহীদ হওয়া শান্তিরক্ষীরা হলেন— নাটোরের কর্পোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কুড়িগ্রামের সৈনিক শান্ত মণ্ডল, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।
এই প্যারাট্র্যুপিং কর্মসূচিকে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।








