নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে দুলাল মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুর রহিমের পুত্র। পরিবারের দাবি, দুলাল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বসতঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।








