মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আব্দুর রহিম (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯। সোমবার (৮ জুন) দুপুর ১২টা ৩৫ মিনিটে হবিগঞ্জ সদর থানাধীন লস্করপুর রেলক্রসিং এলাকায় র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, ভুক্তভোগী মাধবপুর উপজেলার দিঘীরপাড় এলাকার প্রতিবন্ধী কিশোরী। মামলার বিবরণ অনুযায়ী, আসামি ও তার সহযোগী পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের অচেতন করে ভিকটিমকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পরবর্তীতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মো. আব্দুর রহিম (৩৫) মাধবপুর উপজেলার লোহাঈদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে। গ্রেফতারের পর তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়। এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।







