নবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোপলার বাজার বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (প্রায় ৭০) নিহত হয়েছেন।
রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি ঔষধ কোম্পানির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৭৯২১) রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে ঘাতক চালক পালিয়ে যায়। পরে জনতা কাভার্ডভ্যানটি আটক করে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







