নবীগঞ্জে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত, আটক ঘাতক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর ভূমিহীন গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর দা’য়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন।
নিহত গৃহবধূর নাম রিপন আক্তার (৩২)। তিনি একই গ্রামের বাসিন্দা আশিক মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আশিক মিয়া দা দিয়ে তার স্ত্রী রিপন আক্তারকে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে রাখেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করবে বলে জানা গেছে।







