অস্ট্রেলিয়ার ভিসা আবেদনে বড় পরিবর্তন
অস্ট্রেলিয়া সরকার ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন কিছু পরিবর্তন আনছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থী, পর্যটক ও দক্ষ কর্মীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে। নতুন নিয়মের আওতায় আবেদন যাচাই আরও কঠোর করা, আর্থিক সক্ষমতার প্রমাণ বাড়ানো এবং ডিজিটাল যাচাই ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এখন থেকে সব ভিসার আবেদন দেশটির সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মি অ্যাকাউন্টের (ImmiAccount) মাধ্যমে জমা দিতে হবে।
মঙ্গলবার (১৯ মে) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন, এমনকি মাইগ্রেশন অ্যাজেন্টদেরও, অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মিঅ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে হবে। আপনার অ্যাজেন্ট আপনাকে ইম্মিঅ্যাকাউন্টে আপনার ভিসা আবেদনটি দেখতে দেবেন, যাতে আপনি যাচাই করতে পারেন:
১. আপনার নাম, জন্ম তারিখ এবং পাসপোর্টের বিবরণ
২. কোন ধরনের ভিসার জন্য আবেদন করা হয়েছিল
৩. আপনার আবেদনের অবস্থা
৪. আপনার বায়োমেট্রিক্স লেটারটি আপনার ভিসা আবেদনের সঙ্গে মিলে কিনা
ইম্মিঅ্যাকাউন্ট (ImmiAccount) সম্পর্কে জানতে https://immi.homeaffairs.gov.au/apply-and-manage-your অথবা https://immi.homeaffairs.gov.au/…/online/after-you-apply এই ওয়েবসাইটে দেখতে বলা হয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মের ফলে ভিসা অনুমোদনের সময় বাড়তে পারে এবং আবেদনকারীদের অতিরিক্ত প্রস্তুতি নিতে হবে।







