পারভেজের ঝড়ো ইনিংসে সিলেটের ১৯০ রান
আব্দুল গাফফার সাকলাইনের ডেলিভারিটি ছিল অফ স্টাম্পের বাইরে স্লোয়ার। ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন আগেই জায়গা বানিয়ে খেলতে স্টাম্প থেকে সরে গিয়েছিলেন আগেই। পরে শেষ মুহূর্তে ডেলিভারির সঙ্গে মানিয়ে নিয়ে বলের নিচে গিয়ে উড়িয়ে মারলেন এক্সট্রা কাভারের ওপর দিয়ে। নান্দনিক শটের ছক্কায় পেরিয়ে গেলেন তিনি ফিফটি।
বিপিএলের দ্বাদশ আসরের প্রথম ফিফটি এলো পারভেজের ব্যাট থেকে। তার দারুণ ইনিংসের পাশাপাশি শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ২০ ওভারে ১৯০ রান রান তুলল সিলেট টাইটান্স।
১০ ওভার শেষে সিলেটের রান ছিল ৭৫। পরের ১০ ওভারে তোলে তারা ১১৫ রান।
৫ ছক্কা ও ৪টি চারে ৩৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন পারভেজ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধনী ম্যাচের আগে ছোট্ট একটি উদ্বোধনী আয়োজন ছিল। হাজার হাজার বেলুন উড়িয়ে দেওয়া হয় লাক্কাতুরার আকাশে। ওসমান হাদির স্মরণে নীরবতা পালন করা হয় এক মিনিট। কোরআন তিলাওয়াত করা হয়, গাওয়া হয় জাতীয় সঙ্গীত।
প্রথম ম্যাচের পর ও দ্বিতীয় ম্যাচের আগে মাঝের সময়টায় আরেক দফায় উদ্বোধনী আয়োজনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুর ৩টায় শুরু হয় সিলেট ও রাজশাহীর লড়াই। টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটকে ভালো শুরু এনে দেন সাইম আইয়ুব ও রনি তালুকদার। ৪ ওভারে ৩৬ রান তোলার পর সাইম আউট হন ১৫ বলে ২৮ রান করে।
তিনে নেমে হাজরাতউল্লাহ জাজাই খুব ভালো করতে পারেননি (১৮ বলে ২০)। আসরের প্রথম ফিফটির সম্ভাবনা জাগান রনি। কিন্তু ৩৪ বলে ৪১ রানে তিনি বোল্ড হয়ে যান নেপালি লেগ স্পিনার সান্দিপ লামিছানের বলে।
এমনিতে টপ অর্ডার ব্যাটসম্যান হলেও পারভেজ নামেন চারে। আফিফ হোসেনের সঙ্গে গড়ে তোলেন তিনি ৪১ বলে ৮৬ রানের জুটি।
পারভেজ পঞ্চাশে পা রাখেন ২৮ বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশ ছুঁলেন তিনি একাদশবার, বিপিএলে তৃতীয়বার।
১৯ বলে ৩৩ করে শেষের আগের বলে রান আউট হন আফিফ।
রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন লামিছানে। তবে প্রথম দুই ওভারে ১৫ রান দিলেও তার পরের দুই ওভারে আসে ২৩ রান।







