শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর যেসব পানীয়
সর্দি, কাশি ও ফ্লুর মতো স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। জীবাণু বা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে শরীর স্বাভাবিকভাবেই তার প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করে তোলে। সুস্থ থাকতে কোনো নির্দিষ্ট খাবার বা একক সম্পূরক জাদুকরী সমাধান হতে পারে না, তবে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বিশেষ কিছু পানীয় ও পুষ্টিকর উপাদান যুক্ত করলে তা শরীরের প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে অনেকখানি বাড়িয়ে দেয়।
সবুজ শাক সবজির স্মুদি ও স্যুপ:
দৈনন্দিন খাদ্যতালিকায় প্রয়োজনীয় পরিমাণ শাকসবজি গ্রহণ করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। সকালে পালং শাক বা অন্যান্য সবুজ সবজির স্মুদি কিংবা সবজির স্যুপ পান করলে সহজে ভিটামিন সি ও আয়রনের চাহিদা পূরণ হয়। এসব উপাদান ইমিউন সিস্টেমকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গরম পানি, মধু ও লেবুর রস:
শীতকালে লেবু ও মধুর মিশ্রণ একটি অত্যন্ত পরিচিত ও স্বাস্থ্যকর উপাদান। লেবুতে থাকা ভিটামিন সি ইমিউন শক্তি বাড়ায় এবং উদ্ভিদজাত খাবার থেকে আয়রন শোষণে সাহায্য করে। অন্যদিকে, মধুর রয়েছে ব্যাকটেরিয়ারোধী ও প্রদাহরোধী গুণাগুণ, যা শরীরকে জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে।
ভিটামিন বি১২ ও ই সমৃদ্ধ উদ্ভিদজাত দুধ:
ক্লান্তি কমানো ও কোষের সুরক্ষা নিশ্চিত করতে ভিটামিন বি১২ ও ভিটামিন ই বেশ জরুরি। বিশেষ করে যারা নিরামিষাশী, তাদের জন্য ভিটামিন বি১২ সমৃদ্ধ আমন্ড মিল্ক চমৎকার একটি বিকল্প। এটি স্মুদি বা চায়ের সঙ্গে গ্রহণ করলে দৈনিক ভিটামিন বি১২ ও ক্যালসিয়ামের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা সহজ হয়।
ফ্লেভারযুক্ত সাধারণ পানি:
পর্যাপ্ত পানি পান করা সুস্থ থাকার পূর্বশর্ত। সাধারণ পানিতে লেবু বা বেরি জাতীয় ফল মিশিয়ে খেলে এর স্বাদ বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত ভিটামিন সি পাওয়া যায়। এ ছাড়া অ্যালকোহল পরিহার এবং ক্যাফেইন গ্রহণ সীমিত রাখা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য ইতিবাচক।
স্মুদিতে বাদাম ও ওটস:
স্মুদি তৈরির সময় এক মুঠো বাদাম যোগ করলে তা ভিটামিন ই, আয়রন ও জিংকের মতো অত্যাবশ্যকীয় উপাদান সরবরাহ করে। পাশাপাশি ওটসের মতো উপাদান থেকে পাওয়া প্রি-বায়োটিক ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্ট রাখে। সুস্থ অন্ত্র শক্তিশালী ইমিউন সিস্টেমের ভিত্তি হিসেবে কাজ করে।
আদা চা বা আদা পানি:
ঐতিহ্যবাহী চিকিৎসায় বহুল ব্যবহৃত আদা ঠাণ্ডা আবহাওয়ায় শরীর গরম রাখার পাশাপাশি রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। আধুনিক গবেষণাতেও আদার প্রদাহ-বিরোধী ও অ্যান্টি-অক্সিডেন্ট গুণাবলির সত্যতা পাওয়া গেছে।
সচেতনতা
খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম, সঠিক ওজন বজায় রাখা এবং প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা শীতকালে সুস্থ ও রোগমুক্ত থাকার অন্যতম প্রধান শর্ত।







