সিলেটে কিশোর রিফাত হত্যাকারীদের বিচার দাবিতে আছিরগঞ্জে মানববন্ধন
সিলেটের কাজিরবাজার ব্রিজের উপর ছুরিকাঘাতে নিহত কিশোর রিফাত হত্যাকারীদের বিচার দাবিতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকাল ৩টায় আছিরগঞ্জ বাজারের সিটি সুপার মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, রিফাত মাত্র দশম শ্রেণীর শিক্ষার্থী। সিলেট নগরীর একটি নামকরা স্কুলে পড়ত সে। কিন্তু ২৭ জুলাই রাত ১০টার দিকে তাকে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। এতে রিফাতের স্বজনদের মতো সচেতন প্রতিটি অভিভাবক হতাশ। হতাশ এই সময়ের কিশোর তরুণরাও। আজ প্রতিটি শিশু-কিশোর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
বক্তারা অবিলম্বে পুলিশের কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করা না হলে এই আন্দোলন গ্রামের মাটি ছেড়ে শহরের বুকে ছড়িয়ে পড়বে।
হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শুরুতে বক্তব্য রাখেন সমাজসেবক ব্যবসায়ী রুহুল আমীন।
বক্তব্য রাখেন ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ৮নং তিলপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির কার্য নির্বাহী সদস্য ডা. আব্দুল গফুর, বিয়ানীবাজার উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবাদুল হক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লকুস আহমদ, তিলপারা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাসম সায়েক, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, আছিরগঞ্জ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, রাখালগঞ্জ সিনিয়র আলিম মাদ্রসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সদস্য জয়নাল আবেদীন, সিলেট জেলা যুবদলের সদস্য আব্দুস সত্তার রুহেল, আছিরগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি রেহান উদ্দিন ও সাধারণ সম্পাদক এনামুল হক, সমাজসেবক আব্দুল কাদির, জয়নাল উদ্দিন, সিলেট জেলা তাতী দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালিক, জেলা তাঁতীদলের সদস্য জগলু আহমদ ও কামাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ আহমদ লেইছ, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ, তিলপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশদি বাবলু, ছাত্রদল নেতা সামিউল হক, তানভির আহমদ, সুমন, ছাত্রনেতা জিয়া, ব্যবসায়ী আব্দুস সালাম, সালমান আহমদসহ এলাকার সর্বস্থরের জনসাধারণ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিজামুল হক।
উল্লেখ্য, গত ২৭ জুলাই রাত ১০টার দিকে সিলেটের কাজিরবাজার সেতুর উপরে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয় রিফাত আহমদ (১৫)। সে নগরীর খাসদবির দারুস সালাম মাদরাসা সংলগ্ন বন্ধন জি-৩ বাসার মিফতাহ উদ্দিনের ছেলে ও দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের আমকোনায়। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও ঘটনার ১০ দিন পেরিয়ে গেছে। এখনো কোনো খুনীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।







