সিলেট আলীয়া মাদরাসা মাঠে জনতার ঢল

দীর্ঘদিন পর বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে তৈরি হয়েছে ব্যতিক্রমী রাজনৈতিক উন্মাদনা। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভাকে ঘিরে সকাল থেকেই জনতার ঢল নামতে শুরু করে। বেলা যত গড়াচ্ছে, ততই বাড়ছে মানুষের উপস্থিতি। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ের মধ্যে সিলেটে এত বড় রাজনৈতিক সমাবেশ আগে দেখা যায়নি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সিলেট নগরী ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে যোগ দিতে শুরু করেন। অনেকেই ভোর থেকেই রওনা হয়ে সমাবেশে উপস্থিত হন। নগরীর বিভিন্ন সড়ক ও প্রবেশপথে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিএনপি নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মতে, দলের চেয়ারম্যান তারেক রহমানের এই জনসভা শুধু নির্বাচনী কর্মসূচি নয়, বরং এটি বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বহিঃপ্রকাশ। অনেকের ভাষায়, এই জনসমাবেশ আগামী জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১১টার পর প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সমাবেশে সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। সকাল ১০টার দিকে প্রার্থীরা মঞ্চে আসন গ্রহণ করেন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশে যোগ দেন।
সমাবেশস্থলে বিএনপির নেতা–কর্মীদের ধানের শীষ আঁকা একরঙা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলীয় ব্যানার, ফেস্টুন এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলার নেতাদের ছবি বহন করতে দেখা যায়। এতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ার মতো। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত ৯টা ১৮ মিনিটে তিনি হযরত শাহজালাল (রহ.)–এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার বিরাহিমপুরে শ্বশুরবাড়িতে পৌঁছান। তার শ্বশুর সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান।
উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ২০০৫ সালে সিলেটে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের জনসভায় ভাষণ দিচ্ছেন, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে।






