সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দুই প্রবাসী নিহত
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন হারুন ও তাঁর প্রতিবেশী রাসেল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুন ও রাসেল। গত রাতে রিয়াদ এলাকায় সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
নিহত হারুনের বাবা তছলিম উদ্দীন ছৈয়াল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। আজ সে লাশ হয়ে ফিরবে—এটা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, যেন দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।’
এলাকাবাসী জানান, দুই প্রতিবেশীর প্রাণহানিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।







