সুনামগঞ্জে গরু ধান খাওয়ানোকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ধানক্ষেতে গরু চরানোকে কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জহুর উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহুর উদ্দিন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
জানাগেছে, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও গ্রামের বাসিন্দা জহুর উদ্দিনের জমিতে থাকা ধান খায় পাশের গ্রামের দেলোয়ারনগর এলাকার বাসিন্দা মৃত কফিল উদ্দিনের ছেলে বেলাল উদ্দিনের গরু। এ বিষয়টি জানতে পেরে জহুর উদ্দিন জমিতে গিয়ে বেলাল উদ্দিন কেন তার গরু দিয়ে ধান খাওয়ালো কেন জানতে চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বেলাল উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করে নিজ বাড়িতে চলে যায়। পরে জহুর উদ্দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হলে বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






