ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৩
টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে। গত সপ্তাহে মাত্র তিন দিনের ব্যবধানে ব্যাংককে প্রায় ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এই নিম্নাঞ্চলে পুরো সেপ্টেম্বর মাসে হওয়া স্বাভাবিক বৃষ্টিপাতের প্রায় সমান।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিথিপুন্ট জানান, শহরের প্রধান প্রধান সড়কগুলো থেকে আগামী দুই দিনের মধ্যে পানি নেমে যাবে বলে তিনি আশা করছেন, তবে অন্যান্য প্লাবিত এলাকা পুরোপুরি পানিমুক্ত হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি বলেন, “যেসব এলাকা থেকে পানি কমতে শুরু করেছে, সেখানে ইতিমধ্যেই পুনর্বাসন ও পুনরুদ্ধার কাজ শুরু হয়েছে।”
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বন্যায় রাজধানী ব্যাংককে ৪ জনসহ সারা দেশে এ পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
বন্যার কবলে পড়া ৪২টি প্রদেশের মধ্যে ব্যাংকক অন্যতম। দুই ডজনেরও বেশি প্রদেশে এই বন্যায় প্রায় ৩৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে, যা পর্যটননির্ভর থাই অর্থনীতিতে বড় ধরনের চাপের ঝুঁকি তৈরি করছে।
ব্যাংককের প্রধান বিমানবন্দরগুলোর ফ্লাইট চলাচল অব্যাহত থাকলেও দেশের সর্ববৃহৎ ‘সুবর্ণভূমি বিমানবন্দর’-এর স্বাভাবিক পরিচালন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। রাষ্ট্রীয় বিমান সংস্থা থাই এয়ারওয়েজ জানিয়েছে, তাদের অর্ধেকেরও বেশি কর্মী কর্মস্থলে উপস্থিত হতে না পারায় কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সূত্র: কুয়েত পোস্ট







