শাবিপ্রবি সংগঠনগুলোর সাথে ছাত্রদলের মতবিনিময়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক সাংগঠনিক পরিবেশ গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, ক্যারিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রবিবার ( ৬ জুলাই) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় ইউসি ভবনের প্রক্টরিয়াল বডির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় ও সভাপতি রাহাত জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অন্তিক চৌধুরী ও সাধারণ সম্পাদক মানতাকা পৌষি, শিকড়ের সভাপতি নাফিউল আলম পূর্ণ, সাধারণ সম্পাদক দিবাকর বিশ্বাস দিগন্ত, আজ মুক্ত মঞ্চের সভাপতি ওয়ালিদ ইসলাম, নোঙরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সাজ্জাদ, ফিটনেস ক্লাবের সভাপতি সহ সভাপতি রফিকুল ইসলাম, অফিস সম্পাদক জিল্লুল রহমান, থিয়েটার সাস্টের সভাপতি রাশিদ আবরার, স্পোর্টস সাস্টের সভাপতি হাসিন আবরার, স্পিকার্স ক্লাবের সভাপতি আরমান হোসেন ও সাধারণ সম্পাদক দীপ্ত বণিক।
এসময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ও জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় শাবিপ্রবিতে একটি র্যাগিং মুক্ত, নিরাপদ এবং সাংগঠনিকভাবে সমৃদ্ধ ক্যাম্পাস গঠনের বিষয়ে আলোচনা হয়।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “ক্যাম্পাসে কিছু ফেইক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং ছাত্রীদের সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে। এই ধরনের প্রচারণা বন্ধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রশাসনেরও উচিত এসব বিষয়ে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আমরা চাই একটি র্যাগিংমুক্ত, নিরাপদ ও অংশগ্রহণমূলক ক্যাম্পাস—যেখানে জুনিয়র-সিনিয়রদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকবে। এ লক্ষ্যেই ছাত্রদল সদা সক্রিয় রয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে বিভিন্ন সংগঠনের কার্যক্রম পরিচালনায় স্থান সংকট প্রকট। অথচ ‘সেন্টার অব এক্সেলেন্স’সহ কিছু ভবনের অনেক জায়গা খালি পড়ে আছে। আমরা চাই এসব স্থান সংগঠনগুলোর স্বার্থে ব্যবহার উপযোগী করে তোলা হোক, যাতে তারা নির্বিঘ্নে নিজেদের সৃজনশীল কার্যক্রম চালিয়ে যেতে পারে।”
সভায় ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “ক্যাম্পাসে ছাত্রদলের প্রতি বিভিন্ন সংগঠনের ইতিবাচক মনোভাব আমাদের অনুপ্রাণিত করে। সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মকাণ্ড এই বিশ্ববিদ্যালয়ের গৌরব। যেকোনো পরিস্থিতিতে এসব সংগঠনের পাশে থাকবে শাবিপ্রবি ছাত্রদল। আমরা চাই সংগঠনগুলোর অনবদ্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে একটি সৃজনশীল ও ইতিবাচক পরিবেশ গড়ে উঠুক।”
ছাত্রীদের যাতায়াতের বিষয়ে তিনি বলেন, “অনেক ছাত্রী ছেলে শিক্ষার্থীদের সঙ্গে যাতায়াতে স্বস্তিবোধ করে না। আমাদের ক্যাম্পাসের বাসগুলোতে যাতায়াতের সময় যে পরিমাণ ভিড় ও গাদাগাদি হয়, তা ছাত্রীদের জন্য বিশেষভাবে কষ্টদায়ক হয়ে ওঠে। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা উপাচার্য বরাবর মেয়েদের জন্য পৃথক বাসের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।”








