নালমূখ যুবযাত্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অন্যতম সামাজিক সংগঠন নালমূখ যুবযাত্রা স্পোর্টিং ক্লাবের এক ব্যতিক্রমধর্মী উদ্যোগে লন্ডন ও আমেরিকা প্রবাসী দুই আজীবন সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের আজীবন সদস্য আমেরিকা প্রবাসী তারানা আফরিন এমি ও লন্ডনপ্রবাসী রুমেনা নাসরিন সুমিকে সংবর্ধনা জানাতে শনিবার (১৯ জুলাই) সাতছড়ি জাতীয় উদ্যানে আয়োজিত হয় এক প্রাণবন্ত মিলনমেলা। আয়োজনে প্রবাসী সদস্যদ্বয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহমদ আলম রিপন, সাধারণ সম্পাদক আতাউল হক ইমরান, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারানা আফরিন এমি বলেন, “বিদেশে থেকেও সবসময় মনে হয়, আমি এখানকারই কেউ। এই সংগঠন আমার শিকড়ের সাথে যোগাযোগের সেতু। এই সম্মাননা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ভালোবাসার বন্ধন। রুমানা নাসরিন সুমি বলেন, “আমরা দূরে থাকলেও এই সংগঠনের প্রতিটি কর্মসূচির খোঁজখবর রাখি।আজ এখানে এসে মনে হচ্ছে যেন শৈশব-কৈশোরের দিনগুলো আবার ফিরে পেয়েছি। এই ভালোবাসা আমাকে সারাজীবন তাড়িয়ে বেড়াবে। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্স প্রেরণ করেই দেশ ও সমাজকে এগিয়ে নিচ্ছেন না, বরং তাঁদের মনন ও পরামর্শও সামাজিক অগ্রগতির বড় শক্তি। সংগঠনের সভাপতি আহমদ আলম রিপন বলেন, প্রবাসী সদস্যদের অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের অনেক দূর এগিয়ে নিয়েছে। এই সংবর্ধনা শুধু সম্মাননা নয়, একটি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
সাধারণ সম্পাদক আতাউল হক ইমরান বলেন, প্রবাসে থেকেও তাঁরা যে আন্তরিকভাবে সংগঠনের পাশে থাকেন, এটি আমাদের অনুপ্রেরণার উৎস। এই সম্পর্ককে আরও দৃঢ় করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। অনুষ্ঠান শেষে ছিল মধ্যাহ্নভোজ, খোলা আকাশের নিচে স্মৃতিচারণা, পুরনো দিনের গল্প, গান, বন্ধুত্বের আড্ডা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা। সবমিলিয়ে সাতছড়ির সবুজ-ঘেরা মনোরম পরিবেশে আয়োজনটি হয়ে উঠেছিল এক উচ্ছ্বাসময় মিলনমেলা-যেখানে প্রবাস আর প্রিয় জন্মভূমির মাঝে গড়ে উঠেছে হৃদয়ের সেতুবন্ধন। নালমূখ যুবযাত্রা ভবিষ্যতেও এমন আয়োজন করে দেশি-প্রবাসী বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ ।








