নবীগঞ্জে জঙ্গল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মোশাহিদ মিয়া ৭নং করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের বাসিন্দা এবং মৃত শেখ মোহাম্মদ কতির উল্লাহর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের একটি জঙ্গলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, মোশাহিদ মিয়া গত ১৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে।
নবীগঞ্জ থানা পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত (ওসি) দুলাল মিত্র্যা বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






