জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীতে দুই হাজার রোগীর ফ্রি চক্ষু সেবা ক্যাম্প
জকিগঞ্জে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বালাউট ছাহেব বাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রতনগঞ্জস্থ বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ ক্যাম্পে দুই হাজার অসহায় ও দুস্থ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস-এর ব্যবস্থাপনায় আয়োজিত সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে ইনক্লুসিভ আই হাসপাতাল (সাবেক সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল)।
দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
আয়োজক সূত্র জানায়, ক্যাম্পে আসা রোগীদের মধ্যে ছানি অপারেশনের জন্য ২০৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদেরকে পর্যায়ক্রমে হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অপারেশনপ্রাপ্ত রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া- দুপুর ও রাতের খাবার এবং পরদিন সকালের নাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়া রোগীদের মধ্যে বিনামূল্যে কালো চশমা ও দুই মাসের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, যা চিকিৎসাসেবাকে আরও কার্যকর করে তোলে। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করে সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার। ক্যাম্প পরিদর্শনে এসে অতিথিরা আয়োজকদের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল আহমদ, সেক্রেটারি মো. আনিসুর রহমান, আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস-এর পরিচালক মাওলানা মাশুকুর রহমান মারুফ, বালাউট দারুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসেন আইমান, মাওলানা আব্দুল হালিম, প্রবাসী নেতা সুলাইমান আহমদ, হাফিজ জসিম উদ্দিন, হাফিজ আনসার আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ আহমদ, সাদেকুর রহমান, বাহার আহমদ প্রমুখ।
এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় জনগণ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।







